Ads

অবসর নিয়ে যা বললেন সাকিব


‘সাকিব যদি আগের মতো ফিট না হতে পারেন তাহলে ক্রিকেটই ছেড়ে দেবেন’—দিন দুয়েক আগে এমন মন্তব্য করেছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে এখনই এসব নিয়ে ভাবতে নারাজ টাইগার অলরাউন্ডার। আরও চেষ্টা করে যেতে চান তিনি।
‘সাকিব যদি আগের মতো ফিট না হতে পারেন তাহলে ক্রিকেটই ছেড়ে দেবেন’—দিন দুয়েক আগে এমন মন্তব্য করেছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে এখনই এসব নিয়ে ভাবতে নারাজ টাইগার অলরাউন্ডার। আরও চেষ্টা করে যেতে চান তিনি।



গেল ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যা নিয়ে বেশ ভুগছেন টাইগার অলরাউন্ডার। কয়েক দেশে ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন কিছু হচ্ছে না। চোখের সমস্যার প্রভাব পড়ছে তার ব্যাটিংয়ে। চলতি বিপিএলে একদমই রান পাচ্ছেন না। সর্বশেষ ম্যাচে গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও গোল্ডেন ডাক খেয়েছেন।


শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের প্রতিনিধি হয়ে এসেছিলেন সাকিব। স্বাভাবিকভাবেই অবসর নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তারকা এই অলরাউন্ডারকে। জবাবে তিনি জানালেন, এখনই অবসরের কোনো ভাবনাই নেই।


সাকিব বলেন, সবাই চেষ্টা করছে সাহায্য করার। যাতে করে আমি যে সমস্যা ফেস করছি, উতরে যেতে পারি। আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি, আগে চেষ্টা শেষ করেন। পরেরটা পরে ভাবব।


নিজের ফর্মে ফিরতে চেষ্টারও কোনো কমতি রাখছেন না সাকিব। দ্বাদশ জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পরদিনই মিরপুরে অনুশীলন শুরু করে দিয়েছিলেন। রংপুর রাইডার্সের এই আইকন ক্রিকেটার অনুশীলনেও ঘাম ঝরাচ্ছেন। বিপিএলে নিজেকে আরও বাজিয়ে দেখতে চান তিনি। বলেন, এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট এখনো আছে। দেখি অবস্থা কী দাঁড়ায়। এরপর অফিসিয়ালদের সঙ্গে কথা হবে, এরপর সিদ্ধান্ত আসবে।


সাকিবের চোখের সমস্যার পেছনে দায় দেখা হচ্ছে মানসিক চাপকেও। ফর্মে ফেরার আপ্রাণ চেষ্টা উল্টো চাপ বাড়িয়ে দিচ্ছে কি না এমন প্রশ্নও উঠছে। সাকিব সুর মিলিয়ে বললেন, হ্যাঁ এটা তো ভালো প্রশ্ন যে বেড়ে যাচ্ছে কিনা। মাঝে মাঝে আমারও চিন্তা হয়। তিনি আরও যোগ করেন, এটা করে কি বেশি হচ্ছে? নাকি এটা করা ঠিক হবে? এখন এটা কীভাবে ফাইন্ড আউট করব? আপনি বলুন কীভাবে করা উচিত। আমিও এটা নিয়ে কনফিউজড। এখন চেষ্টা করে যদি ঘরে বসে থাকেন পরে আসেন, চেষ্টাই করলাম না।

ব্যাট হাতে কবে সাকিব ঠিকঠাক মাঠে ফিরবেন, তা এখনও অজানা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাট হাতে উন্নতি হবে বলে বিশ্বাস সাকিবের, ‘এটা (ফেরার বিষয়ে) তো বলা মুশকিল। যত রান করব, তত কমফোর্ট লেভেলটা বাড়বে। রান যতক্ষণ না করছি ততক্ষণ অবধি ওই ছন্দও আসবে না, কমফোর্ট জোনটাও থাকবে না এটা খুব স্বাভাবিক।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.